
মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হওয়ার ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর বারুইপাড়া, আড়পাড়া, উজ্জলপুর, সোতাল,হদেরহাট এলাকায় জামায়াতে ইসলামীর কয়েকটি অফিস এবং নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, বারুইপাড়া ইউনিয়নের জামায়াতের মনোনীত প্রার্থী ইমামুদ্দীনের বাড়িঘরেও হামলা ও ভাঙচুর করা হয়েছে। এছাড়া ১০ জুন রাতে উজুলপুর বাজারে জামায়াতে ইসলামীর মেম্বার প্রার্থী খালিদ হাসানের নির্বাচনী ব্যানার ও স্থানীয় দলীয় অফিস ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বাদল মোড়ল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরীহ ব্যক্তিদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনাও তদন্ত করা উচিত।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এদিকে, বাদল মোড়ল হত্যার ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়দের দাবি, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।