
মীর দুলাল।। হবিগঞ্জের চৌধুরী বাজার পৌর ঘাটলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
বুধবার ২১ অক্টোবর রাত ৯ টায় হবিগঞ্জ চৌধুরী বাজার পৌর ঘাটলায় প্রতিমা বিসর্জন এ উদ্বোধন করা হয়।
এসময় পৌর প্রশাসক সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনা ও নানা আয়োজনের পর দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তদের মাঝে নেমে আসে বিষাদের ছায়া।
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবের আনুষ্ঠানিকতা।
বিজয়া দশমীর দিন সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে চলে পূজা, অঞ্জলি, সিঁদুর খেলা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা।
পরে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। আনন্দ-উল্লাসের মধ্যেও দেবীকে বিদায় জানানোর মুহূর্তে অনেক ভক্তের চোখে ছিল অশ্রু।