
মারুফ আহমদ, স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট, সিলেট।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলীরগ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলীরগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে এলাকার তরুণ সমাজ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা গোয়াইনঘাট দাখিল মাদ্রাসার হলরুমে জনাব আব্দুস শুক্কুরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ব্যক্তিরা আলীরগ্রামকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক নির্মূলে এলাকাবাসীর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বলা হয়, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না; এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, যুবসমাজ ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে মাদকাসক্ত ব্যক্তিদের ক্ষেত্রে মানবিক আচরণ, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদকের বিস্তার রোধে অভিভাবকদের সচেতনতা, এলাকার তরুণদের নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জিল্লুর রহমান, কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালিক, গুলজার আহমদ, নিজাম উদ্দিন, শিক্ষক সুলেমান আহমদ, শিক্ষক সুলতানা আহমদ, বেলাল আহমদ, শিক্ষক নুরুল হুদা, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক রুবেল আহমদ, এখলাছুর রহমান মুমিন, আনিছুর রহমান, সাংবাদিক রায়হান উদ্দিন, দেলোয়ার হোসেন, আমানুল্লাহ, জিয়াস আহমদ, আব্দুল্লাহ, আব্দুস সুবহান, সেলিম আহমদ, রুমেল আহমদ, জুবায়ের আহমদ, খালেদ আহমদ, জিয়াউর রহমান, মিজানুর রহমান, রিফাত আহমদ ও ফাইয়াজ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
শনিবার এলাকাবাসীর সভা, আসবে সম্মিলিত সিদ্ধান্ত
আলীরগ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টায় গ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণ, এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে।
আয়োজকদের প্রত্যাশা, গ্রামের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আলীরগ্রামকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। মাদকমুক্ত সমাজ গঠনে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।