
আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
কুমিল্লার লালমাই উপজেলার কাঁকসার এলাকায় ট্রেনে কাটা পড়ে আরাফাত (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর দক্ষিণ পাড়ার মরহুম আলকাছ মিয়ার নাতি এবং মোঃ আঃ মমিন এর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় আরাফাত। পরবর্তীতে কাঁকসার এলাকায় রেললাইন পার হওয়ার সময় তড়িঘড়ি করে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
তাৎক্ষণিক খবর পেয়ে লাকসাম জিআরপি থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ইন্সপেক্টর রাজিব কর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন লাশের স্বজন (মা) আসলে তার কাছে আমরা মরদেহটি হস্তান্তর করি।
তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয়রা।