
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের খলিফাপট্টি এলাকায় অবৈধ জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করেছে পুলিশ।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী সোহেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে পৌরশহরের খলিফাপট্টি এলাকার জব্বার মার্কেটের একটি গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সোহেল মিয়া পাশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের খাউজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোহেল মিয়া মোহনগঞ্জ পৌরশহরের খলিফাপট্টি এলাকায় দোকানঘর ভাড়া নিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি করে আসছিলেন। বুধবার গভীর রাতে একটি ট্রাকে করে নতুন চালান এনে গুদামে জাল আনলোড করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে জালসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
জব্দ করা জালের মধ্যে রয়েছে ২৩৪ পিস বড় ও ১১৪ পিস ছোট অবৈধ চায়না দুয়ারি জাল। প্রতিটি জালের দাম প্রায় সাড়ে ৩ হাজার টাকা হিসেবে মোট মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, মোহনগঞ্জ পৌরশহরের জালপট্টি ও খলিফাপট্টি এলাকায় অসংখ্য ব্যবসায়ী গোপনে এসব অবৈধ জাল বিক্রি করেন। হাওরাঞ্চলে অবৈধ জালের অন্যতম বড় আড়ৎ হিসেবে পরিচিত এই এলাকা থেকে খালিয়াজুরী, মদন, বারহাট্টা এবং পাশের জেলা সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ উপজেলায় এসব জাল সরবরাহ করা হয়।
এছাড়া একটি মধ্যস্বত্বভোগী পুলিশের নাম ব্যবহার করে অবৈধ জাল ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকে বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তারা জানায়।
মৎস্য সংশ্লিষ্টরা জানান, চায়না দুয়ারি জাল ব্যবহার করে হাওরের মা মাছ ও পোনা মাছ নির্বিচারে নিধন করা হচ্ছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং জলজপ্রাণিসহ হাওরের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, “এসব অবৈধ জালের কারণে হাওরের মা ও পোনা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এখনই কঠোরভাবে দমন না করলে ভবিষ্যতে দেশীয় মাছ পাওয়া দুষ্কর হয়ে পড়বে।”
তিনি আরও বলেন, এ ঘটনায় সোহেল মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।