
মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ এবং বাবা-মাকে গালিগালাজ করার অপরাধে রমজান আলী (৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
শনিবার (১৩ জুন২৬) ইং মধ্যরাতে ইউএনও উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত রমজান আলী উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মইন উল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান আলী মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন এবং নিজের বাবা-মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন।
এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকসেবন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।