
হবিগঞ্জ শহরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা পুলিশ গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরের নিউফিল্ড এলাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনের রাস্তার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
জুয়েল বানিয়াচং উপজেলায় পাঠানটুলা মহল্লার মৃত নূরুল ইসলামের ছেলে।
গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুকন ইসলাম ও মাজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে জুয়েলকে আটক করা হয়।
পরে তার প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এগুলোর বিক্রয়মূল্য প্রায় ৩০ হাজার টাকা হবে বলে জানায় ডিবি।
সোমবার রাত পৌনে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, মামলা দায়ের করে গ্রেফতার জুয়েলকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।