
এ কে আজাদ স্টাফ রিপোর্টার।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে অভিযান চালিয়ে ভিকটিমসহ এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সীমান্তের ১২৭৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মানব পাচারকারীর নাম রুবেল দাস (২৭)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। এ সময় উদ্ধার হওয়া ভুক্তভোগী মো. লাল্টু হোসেন (৪১) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পাচপাড়া গ্রামের মো. মমিন গাজীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুজনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছিলেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইকবাল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।