
মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন: বাহুবল উপজেলার করিমপুর গ্রামের শফিক মিয়ার ছেলে ছালমান মিয়া,(৩৫) পুরান মহুরী গ্রামের সঞ্জব আলীর ছেলে
ফজল ইসলাম,(৩২) হরিতলা গ্রামের খালেক মেম্বারের ছেলে রায়হান আহমদ নাবিল(৩৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি অনুমতি ছাড়াই স্থানীয় নদী ও খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়।
এ বিষয়ে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে ফসলি জমি, রাস্তাঘাট ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।
–