
মীর দুলাল ।। চুনারুঘাট উপজেলার ছালিয়ার আব্দা বটেরতল এলাকা থেকে ৯ টুকরো (১২.৪৮ ঘনফুট) চিকরাশি কাঠসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে বন বিভাগ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বনকর্মীদের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছালিয়ার আব্দা বটেরতল এলাকায় অভিযান চালায় বনকর্মীরা।
এ সময় বন থেকে অবৈধভাবে কেটে পাচারকালে ১২.৪৮ ঘনফুটের ৯ টুকরো চিকরাশি কাঠ বোঝাই একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বন সম্পদ রক্ষায় বন বিভাগের এমন অভিযান অব্যাহত রয়েছে।